যাও পাখি বলো তারে
--পীযূষকান্তি বিশ্বাস
তোমাকে বলা হয়নি সেদিন
বলা যায়নি যে আমি তখন মৃত
বলা যায়নি এই যে
তুমি আর আমি
ভালো আর বাসি নামের দুটি শব্দ
একই অক্ষরে, একই শরীরে
বলবো বলবো করে রাত ফুরিয়ে এলো
এক কথা শুধু আমি জানি
আর জানে এক রাত জাগা পাখি ।
যাও পাখি বলো তারে
প্রভাত হয়ে যাবার আগে এই বাঁশী
বাঁশী আর তার সুরসমগ্র
তার বেজে ওঠা
তার কণ্ঠস্বর
এতদূর প্রবাস থেকে আমি আর কাকে দিয়ে যাবো
এই বাংলা নামের ভালো
এই ভালো নামের বাঁশী
কাউকে দিয়ে যাওয়ার কথা
নিয়মে বাসি হয়ে যাবার আগে ।