বহুদিনের পিরীত গো বন্ধু
--পীযূষকান্তি বিশ্বাস
ভেঙ্গে ফেলা একটা সহজ পদ্ধতি
আর তোমার আমার অদ্ভুত সম্পর্ক নিয়ে
কেন যে এতো অযুত প্রশ্ন
তার 'এন' ডিগ্রি উত্তর নিয়ে আমরা দুজনেই ঘুরছি
তিনশো ষাট দ্রাঘিমায় ।
বড় কঠিন হে এই বোধ,
এই গড়ে তোলা অভ্যাস
তিমিরপ্রাঙ্গণে দাঁড়িয়ে অবাক হওয়ার রাত
ক্রমশ জলবৎ হয়ে ওঠা দুর্বোধ্য কবিতাসমগ্র ।
যে কোন বাক্যই তো একটি সারণী
বদল করে ফেলা পংক্তিমালাসমগ্র
প্রেম ও পিরিতে
নিজের সঙ্গেই একটি আলাপচারিতা ,
স্মৃতিসরণীতে একটি একটি করে সাজিয়ে রাখা আম
যে কোন ডিগ্রিতেই ভেঙ্গে ফেলা যায় ।
ভেঙ্গে ফেলাটা সহজ
যতটা সহজ নয় সহজ নিজেই ,
বহুদিনের পিরিত গো বন্ধু
একই দিনে ভেঙ্গো না ।