তোমরা কুঞ্জ সাজাও গো
--পীযূষকান্তি বিশ্বাস
এতোটা দূরত্বে তাকে নিশানায় রেখো না
নিশানা চুক হয়ে যায় ।
এমনিতেই চুকে যাওয়া যদি ভবিতব্য হয়
তবে তার মঞ্জিল নিয়ে আর কিসের ভাবনা ?
দক্ষিণ কতোটা দক্ষিণ
কালীবাড়ি থেকে অনেকদূর
তোমরা কুঞ্জ সাজাও গো
এই শব্দসমূহে সে আবহে আবহমান ।
যখন ঝড় উঠেছে সুবর্ণরেখায়
আমার জন্য দূর আর দূরান্ত একই গন্তব্য
যখন ঢেউ উঠেছে আউশের ক্ষেতে
আমার রাঢ় আর ভাটিয়ালি
আমার জন্য
একই নিশানা ।
এই প্রবাস ক্রমশ ভৌগলিক হয়ে ওঠে
কাগজ কলম বই মেলা শেষে
তোমরা আপন আপন আলয়ে ফিরে যাও
আমি যাবো না
আমি একাকী এই মেলা প্রাঙ্গণে থেকে যাবো ।