পারে লয়ে যাও আমায়
---------------------
এপারে অধিক সন্ন্যাসী,
ওপারে গাজন
আমাকে প্রলুব্ধ করে মধুমতীর প্রবাহ,
চ্যাং, কৈ, কাঁকড়ার ঝাঁক
আউসের ক্ষেত থেকে উঠে আসা সবুজ
আর অস্থিমজ্জার মত এই বাংলা
ছেড়ে আসা খামার থেকে এই স্মৃতিক্ষরন,
ঘাস পাতা বিচালি পল খড়ের গাদায়
আমি জানি এই ক্ষেতখামার একমাত্র সত্য,
এই মাঠ থেকে উঠে আসা যে কোন মুখ
মুখ থেকে মুখাগ্নি পর্যন্ত কাচ্চি ঘানির মত খাঁটী
কাদা আর রক্তে মাখামাখি খেলা, এই মানবত্বক
স্পর্শ সুখের আশায় খুলে রাখি সুতপা ম্যাডামের দেওয়া
কন্ডোম প্যাক, উন্মুক্ত করে রাখি শানিত অস্ত্র
জল পড়ে , পাতা নড়ে
এই মুলী বাঁশের বেড়ার ঘরে আগুনকে দাবিয়ে রেখে
এক কল্কে ছাই,
এক কল্কে ছিলিম আমাদের সভ্যতার শেষ চিরাগ,
আমাদের এই গাজন সভ্যতাকে কোন ভাবেই আমি
নষ্ট হতে দিতে পারি না ।