ভালো করে বাজান গো দোতারা
- পীযূষকান্তি বিশ্বাস
এখন, যখন ঘরে আগুন লেগেছে
আমি ভাবছি, আমার জ্বলে পুড়ে গেলো
সব স্থাবর বাড়ি
বিষয় আশয় আঙ্গিক ঘরানা
ঐ লাল বইটা বাঁচাতে চাইছি
যেন কোন ভাবেই আগুন না ধরে
লাল , ঈষৎ হলুদ লাল
পুড়ে যাচ্ছি, পুত্র কন্যা স্ত্রীসহ পুড়ে
ঝামা হয়ে যাচ্ছি অসহ্য গরমে
তার দগদগে জলন্ত লালে
মরে যাচ্ছি , ছাই হয়ে যাচ্ছি ।
আমার সঙ্গে সঙ্গে
আমর বাঁশীটিও দ্যাখো পুড়ে
কয়লা হয়ে যাচ্ছে...
আমার সুরেও যেন
কোথাও আগুন লেগেছে
ভালো করে বাজানো হলো না যে দোতারা
ধুন সহ, ধড় সহ
তার তার পুড়ে যাচ্ছে দাউ দাউ।