আমার সোনার ময়না পাখি
কিছুই স্থবির নয়, এই কর্তা কর্ম ক্রিয়াপদ
পাথর, ঘাস, বালি, জল
নদীর চড়া
এই লালকিলার দেওয়ালে হাত দিয়ে দেখো,
তেতাল্লিশ ডিগ্রিতে পুড়ে যাচ্ছে দিল্লি
এই সময় তুমি ভাবছ
নিজের ছেচল্লিশ বছরের কালো ইতিহাসের ।
আর পরম বিক্রমে ভূমিকায় তলোয়ার উঁচিয়েছো
ধূলিসাৎ করে দিতে চাও সমস্ত গম্বুজ
শত শত শায়েরকে কতল করে
এই নদীর তীরে তুমি লিখতে চেয়েছ বিজয় কাহিনী
এই ওখলা পাখিরালয়ে দস্তখত করতে চেয়েছ
কালো শীলমহরে
কালো নিয়ে দাঁড়িয়ে নেই যমুনা
জল নিয়ে আর কি চাওয়ার আছে
যমুনা চায় বরং প্রাকৃতিক মৃত্যু
ঐ আবার ঘিরে আসে কালো
কিভাবে ধরবে আকাশ কাঞ্চনমালা
দুহাতের দশ আঙ্গুলের ফাঁক দিয়ে উড়ে যায়
আমার সোনার ময়না পাখি ।