একদিন মাটির ভিতরে হবে ঘর

Ramper
By -
0

একদিন মাটির ভিতরে হবে ঘর


বিবিধতাকে জেনেই ছড়িয়েছো ডানা

বিবিধপথ তোমায় করেছে সম্পৃক্ত

পাটে বসছে তোমার দেহ,  হে মালিক

এইবার একটা খুঁটির কথা বলো

কেন্দ্রাতিগ ভরবেগের কথা

নিজের কোন স্থায়ী ব্যারামখানার কথা ।



এই দেহের গান মৌলিক সহজিয়া গায়

সহজ থেকে একটা রশ্মি বেরিয়ে গেলে

পড়ে থাকা এই নির্জন ঘর পরিবার

ঐ পল্লিগ্রামে নামে

কুয়াশাসহ একরাশ ধোঁয়া অন্ধকার

দেহ নামে এই তত্বের বিবিধতায় ।



এই তো ছুট, দলছুট রণপা

বিপন্নতা ছেড়ে দলছুট এই দৌড়

দৌড় থামিয়ে তুমি, কোমর কষে ধরো

দেহ, শুধু দেহ

এর ভিতরে মৌলিক বলে যা মনে হয়

মাটি আর মাটির মতো যা অনন্ত


এই গ্রাম তো আর গ্রাম নয়

এই রাঙামাটির পথে একটা বিরাম চিহ্ন দাও

ঠিকানা চেয়েছো - আশ্রম চেয়েছো যারপর

নীড় ছাড়া, নজর ছাড়া, বাসা ব্যতিরেকে

একদিন মাটির ভিতরে হবে ঘর ।

Post a Comment

0Comments

Post a Comment (0)