এমন মানুষ পেলাম না রে
-পীযূষকান্তি বিশ্বাস
মুখের ভিতর ভাষা সুপ্ত থাকে,
অর্থের ভিতর থেকে উঠে এসে
সা থেকে রে ,
পা থেকে গা
ধ্বনি থেকে ক্রমশঃ মানুষ
মানুষ থেকে মানুষ আলাদা হয়ে যায়
এই লতানো গাছটি দেখো,
সবুজ শাড়ির প্রচ্ছদে কি রকম যুবতী
গান থেকে ছিটকে বেরোচ্ছে আগুন
আর আমাদের মুখে আটকে আছে
আঃ
আ থেকে আমি
আমি থেকে আমি
কোনভাবেই বেরোতে পারছি না
এমন মানুষ পেলাম নারে
যে আমায় অতিক্রম করে
অর্থ থেকে , গান থেকে
ধাবমান ধ্বনির দিকে চলে যায় ।