মালা, কার লাগিয়া গাঁথি
ফুলগুলো তুমি নাও,
মালাটাও রাখো
জানি তোমার মস্ত বড় জয়
অভিনন্দন হে দিগবিজয়ী শাহেন শা
শোভা পাক তোমার গলায় স্বর্ণ মুক্তাহার
সাত রাজ্য থেকে তুলে আনা ফুল দিয়ে
ফুল দিয়ে গাঁথা মালা
জমিতে শুঁকিয়ে গেছে প্রিয়জনের রক্ত
বিজয় রথে জমে উঠেছে কর্দম নিরেট পাথরের মতো
এটাই বলার ছিলো
কোনদিন কলমকে ছুরির মতো
ছুরিকে কলমের মতো
তোমার মতো লুকিয়ে রাখিনি জামার আস্তিনে
আর সুযোগ পেয়ে পিছন থেকে সদলবলে অচানক...
হে ব্রুটাস
হে পরাজিত কলম আজ দ্যাখো
তার এইতো মধুর পরাজয় আর কোন ভাষা নেই
এই কবিতা, গীতিকা, কাব্য
আমি লিখতে চাইনা অধিক কিছু আর
অক্ষরগুলোকে আমি মুক্ত করে দিলাম
ফুলগুলোকেও আমি আজাদ করে দিলাম
এই জোড়াতালি দেওয়া মালা
মালা
মালা কার লাগিয়া গাঁথি ।